গুলিবিদ্ধ ওসমান হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। সোমবার রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার কর্মসূচি উদ্বোধনের পর তিনি এ কথা বলেন। সিইসি বলেন, বাংলাদেশে মাঝেমধ্যে এ ধরনের খুন-খারাবির ঘটনা ঘটে, এতে আইন-শৃঙ্খলার অবনতি বোঝায় না। তিনি প্রশ্ন রাখেন, আইন-শৃঙ্খলার অবনতি কোথায় হয়েছে। উদাহরণ হিসেবে তিনি আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হত্যার প্রসঙ্গ টানেন। সিইসি জানান, নির্বাচন ঘিরে সব শঙ্কা দূর করে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। ভোটের সময় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।